গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে তিনি ভোটার হলেও ভোট দিতে পারেননি। এবারই প্রথমবারের মতো তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, যা তার মতো প্রায় চার কোটি তরুণ ভোটারের জন্য নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন, তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সবগুলো রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও বিএনপির শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ে ভিন্ন অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এটিকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এতে দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাবের প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কিছু প্রচেষ্টা থাকলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, কিছু কেন্দ্রে তাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংকটকালীন সময়ে প্রশাসনের দ্রুত সাড়া না পাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এবং সবাই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে—এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের।