শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়ন এবং চারিত্রিক অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এই নিয়োগ কেবল একটি ধর্মের জন্য নয়, বরং সব ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নিয়ন্ত্রণে শৃঙ্খলা ফেরাতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান শিক্ষার মানোন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি নিয়ে দ্রুত আবেদন আহ্বান করা হবে; পূর্বের আবেদনগুলো পুনঃযাচাই করা হবে এবং ফেলে দেওয়া হবে না।
সংসদ অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এবং সরকারি ছুটি ব্যতীত বিকেল ৩টায় কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে।