
সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট বেতন স্কেল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যদি এ বিষয়ে গুরুত্ব দিয়ে উদ্যোগ নেয়, তাহলে গণমাধ্যম অঙ্গনের অনেক সমস্যারই সমাধান সম্ভব হবে।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সংকট। অধিকাংশ সাংবাদিক কম বেতন পান, অনেক প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নেই বললেই চলে। তিনি বলেন, হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠানে এসব সুবিধা থাকলেও সার্বিকভাবে সাংবাদিকদের আর্থিক অবস্থা খুবই নাজুক।
তিনি আরও বলেন, টেলিভিশন মিডিয়ায় সাংবাদিকদের পরিস্থিতি আরও খারাপ। সাধারণ মানুষের চোখে সাংবাদিকদের জীবন অনেক সময় বাহ্যিকভাবে ‘লাক্সারি’ মনে হলেও বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, সাংবাদিকরা ন্যূনতম বেতন পেলেও অনেক প্রতিষ্ঠান সেই বেতন দিতেও গড়িমসি করে কিংবা দিতে চায় না।
গণমাধ্যমের মান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মানুষ সাংবাদিকদের কাছ থেকে উন্নত ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। কিন্তু যখন সাংবাদিকদের পেটে ভাত নেই, তখন তাদের কাছ থেকে সর্বোচ্চ মানের সেবা আশা করা অতিরিক্ত চাওয়া বলেই মনে হয়। তিনি বলেন, আর্থিক নিরাপত্তা না থাকলে একজন সাংবাদিক মানসম্মত ও স্বাধীনভাবে কাজ করতে পারে না।
বিজেসির ভূমিকা তুলে ধরে ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে বিজেসি কাজ করে যাচ্ছে। তবে শুধুমাত্র একটি সংগঠনের পক্ষে এই পরিবর্তন সম্ভব নয়। তিনি জানান, বিজেসি চাপ প্রয়োগ করতে পারে, আন্দোলন-আলোচনা করতে পারে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান বাস্তবায়নের ক্ষমতা তাদের হাতে নেই।
তিনি স্পষ্ট করে বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একটি কার্যকর ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট বেতন কাঠামো নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা গেলে গণমাধ্যম খাতের স্থিতিশীলতা বাড়বে এবং সাংবাদিকতার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park