
দেশে বাসভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত না আসায় আপাতত বর্তমান নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ বা ভাড়া বৃদ্ধির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পরিবহন মালিক বা বাস কোম্পানি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে পারবে না। যাত্রীদের স্বার্থ বিবেচনায় বর্তমান ভাড়ার কাঠামোই বহাল থাকবে।
তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খাতে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বাস মালিকদের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ব্যয় বৃদ্ধি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই নতুন ভাড়া কার্যকর করা যাবে না বলে সংগঠনটি স্পষ্ট করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park