
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্রে একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, এর আগে বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগের নির্দেশনা জারি করা হলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরের অনুমোদন চাইছেন— যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থী।
এ কারণে নতুন পরিপত্রে পূর্ববর্তী সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
পরিপত্রটি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এবং সব উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিদেশ সফর নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল। সেগুলোর মধ্যে অন্যতম ছিল— কর্মকর্তারা কোনো বিদেশি সংস্থার সঙ্গে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করতে পারবেন না, আমন্ত্রণপত্র সংগ্রহে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া যাবে না এবং সব যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বা সংস্থা প্রধানের মাধ্যমে করতে হবে।
এই নতুন পরিপত্রের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় সরকারি প্রশাসনকে ভ্রমণবিলাস থেকে বিরত রেখে সম্পূর্ণ মনোযোগ দেশীয় দায়িত্ব পালনে রাখার ওপর গুরুত্ব দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park