
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ কুরআন ও গোসল সম্পন্ন করার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মরদেহ জানাজার উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়।
এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয় গোসলের জন্য।
ভোর থেকেই হাসপাতালের সামনে হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হন। দেশে এই দিন একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে তার সার্জারি সম্পন্ন হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park