
সংসদ নির্বাচনে দলের প্রতীক ধানের শীষকে প্রাধান্য দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচন ঘিরে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং ধানের শীষের বিজয়ই দল ও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষ্যে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ছাত্রদলের ৭৫টি ইউনিটের এক হাজারের বেশি নেতা-কর্মীর অংশগ্রহণে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, অনেক এলাকায় ঘোষিত প্রার্থী কারও পছন্দ হতে পারে, কারও নাও হতে পারে। কিন্তু বিএনপির কর্মীরা কোনো ব্যক্তির জন্য নয়, ধানের শীষের জন্য লড়াই করবে। জনগণ ধানের শীষকে সমর্থন দিলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো শুধুই কাগজে রাখার নয়, বরং জনগণের সম্পৃক্ততার মাধ্যমে বাস্তবায়নই আগামী দুই মাসের মূল কাজ। এজন্য প্রতিটি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের মানুষের কাছে পৌঁছে সমর্থন আদায় করতে হবে।
বক্তব্যে তিনি বহুদলীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশেষ একজন ভালো আর সবাই খারাপ—এ ধারণা গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচিত সরকারের বিকল্প নেই, কারণ গণতন্ত্রই জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দেশের সাধারণ মানুষই ছিল প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনে রিকশাচালক থেকে শুরু করে শিক্ষার্থী, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই অংশ নিয়েছিল। এমনকি ৬৩ জন শিশু প্রাণ হারায়।
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ এখন তরুণদের হাতে। তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। অন্যথায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park