বিচার বিভাগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত এসব অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আবারও আগের কাঠামোয় ফিরে যাচ্ছে।
সংসদে আলাদা দুটি বিল পাস করা হয়। এর মধ্যে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল হয়ে যায়। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না এবং সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও থাকছে না।
তবে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হওয়ার অভিযোগ তুলে সংসদের বিরোধী দল এই তিন অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করেছে।