
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দুই নেত্রীর মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নির্বাচন কমিশন (ইসি) এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে। পাশাপাশি একই দলের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। ফলে সময়সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
অন্যদিকে বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, মনিরা শারমিন তার মনোনয়নপত্রে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও চাকরির বিস্তারিত তথ্য প্রদান করেননি। তিনি কবে এবং কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র না থাকায় তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন তাকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে ব্যর্থ হলে তার মনোনয়ন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park