
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। তফসিল অনুযায়ী আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনিরা শারমিন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র স্থগিত রাখে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে সময় নির্ধারণ করে দেয়।
মনোনয়নপত্রে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ থাকলেও, তিনি কোন প্রতিষ্ঠানে, কখন চাকরি করেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেননি। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র স্থগিত রেখে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত প্রয়োজনীয় নথি দাখিলের সময় দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সন্তোষজনকভাবে দাখিল না হওয়ায় শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park