
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন এবং মাহমুদা আলম মিতু। সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী মনিরা শারমিন এনসিপির ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয়ভাবে তাদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই তালিকায় জোটের অন্যান্য শরিক ও বিভিন্ন দলের প্রার্থীদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে একাধিক নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ এবং মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।
এছাড়া সিলেট, বগুড়া ও খুলনার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরও তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সামসুন নাহার।
জোটের শরিক দল হিসেবে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে আলোচনায় এসেছে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের নাম, যাকে জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে ছয় বছর বয়সী শিশু জাবির নিহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park