
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ (৫৩)-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ছিনতাই করেছে বলেও জানা গেছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী সাইদুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের মৃত আব্দুল রশীদের ছেলে সাইদুল ইসলাম সাইদ শনিবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে শ্রীপুর টেংরা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীপুর চৌরাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গতিরোধ করে।
অভিযোগে শরীফ শেখ (৩০) ও সালাউদ্দিনসহ (৪০) অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। হামলাকারীরা লোহার রড, চেইন, লাঠি ও হকিস্টিক দিয়ে সাইদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে শরীফ শেখ নামের একজন লোহার চেইন দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
ভুক্তভোগী নেতার দাবি, মারধরের এক পর্যায়ে হামলাকারীরা তার পকেটে থাকা নগদ ১ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তাকে বাঁচাতে আসা ইমরান নামের এক যুবককেও মারধর করা হয় এবং তার কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত সাইদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার ছোট ভাই মাজহারুলের মাধ্যমে থানায় লিখিত অভিযোগটি পাঠান।
**শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে,** অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একজন রাজনৈতিক নেতার ওপর দিনের আলোতে এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park