বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন হয়নি বলে জানাচ্ছে দিল্লির কূটনৈতিক মহল। ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ সংক্রান্ত অডিও ফাঁস এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরও ভারত তাঁকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার কোনো উদ্যোগ নিচ্ছে না।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো অনুরোধ করা হলেও, তা এখনো আমলে নেয়নি নয়াদিল্লি। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই।
ভারতে আশ্রয় নেওয়ার পর গত ১১ মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। তবে ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তাঁর সর্বশেষ লাইভে এই অডিও ফাঁস কিংবা মামলার প্রসঙ্গ কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি তিনি।
এদিকে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে শেখ হাসিনার ভূমিকা নিয়ে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। তবু দিল্লির কূটনৈতিক মহলে তাঁকে ঘিরে আগের অবস্থানেই অনড় থাকতে দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park