ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান বর্তমানে আগের মতো আর নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে অমিত হাসান লিখেছেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ তার এই মন্তব্য অনেকেই সমর্থন করেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মিডিয়াকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অমিত হাসান বলেন, “সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। তাদের নিয়ে গল্প লেখা হচ্ছে না। এমনকি আমাদের পরবর্তী প্রজন্মের অভিনেতারাও কাজের সংকটে আছেন—যেমন বাপ্পি চৌধুরী, সায়মন সাদিক। তাহলে শিল্পী সমিতিতে যাবে কারা? যখন এফডিসিতে শুটিং হয়, তখনই শিল্পীরা সমিতিতে আসেন।”
তিনি আরও বলেন, “বর্তমান শিল্পী সমিতির নেতৃত্বেও গ্রহণযোগ্যতা নেই। সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক ডিপজল—দুজনেই দীর্ঘ সময় ধরে দেশের বাইরে। এভাবে কোনো সংগঠন পরিচালনা করা যায় না।”
অমিত হাসান স্মরণ করেন পুরনো দিনের শিল্পী সমিতির চিত্র, “রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো গুণী অভিনয়শিল্পীরা যখন নেতৃত্বে ছিলেন, তখন আমরা সক্রিয়ভাবে অংশ নিতাম। শাকিব খানও ছিলেন। এফডিসিতে শুটিং চলাকালীন শিল্পীরা সমিতিতে এসে দেখা করতেন, আড্ডা দিতেন। এখন সেই পরিবেশ আর নেই।”
তিনি মনে করেন, শিল্পী সমিতিতে প্রাণ ফেরাতে হলে নতুন নেতৃত্ব, সক্রিয়তা ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park