
সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, অনুষ্ঠানে ঢালিউড তারকা শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’ সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। এ সময় শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’ অভিযোগ তুলে বিতর্ক তৈরি হয়।
এবার এই আলোচিত ঘটনাকে কেন্দ্র করে সরাসরি মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভিডিওতে যে বিষয়টি দেখানো হয়েছে, সেটিকে ভুলভাবে উপস্থাপন করে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তার দাবি, ঘটনাটি বাস্তবে মোটেও সে রকম ছিল না, যেভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
জ্যোতির্ময়ী বলেন, ওই সময় অনুষ্ঠানস্থলে প্রচণ্ড ভিড় ছিল এবং দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গাও পাওয়া যাচ্ছিল না। মিডিয়ার পক্ষ থেকেই শাকিব খানের সঙ্গে ছবি তোলার জন্য বলা হয়েছিল। সে মুহূর্তে শাকিব খান তাদের নিরাপদভাবে দাঁড়াতে সাহায্য করেছিলেন এবং গার্ড করার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।”
বিতর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি সে তিনশোটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।”
নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না—এমন প্রশ্নে জ্যোতির্ময়ী স্পষ্ট করে বলেন, অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। তিনি জানান, ভিড় এত বেশি ছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন ছিল। সহ-শিল্পী হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেন তিনি।
‘ব্যাড টাচ’ অভিযোগ নিয়েও তিনি বলেন, “তিনশোটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর আমি তা সহ্য করব—এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটা সুস্থ মানুষ দেখলেই বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না?”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা অত্যন্ত ভালো ছিল। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান তাকে যেভাবে সমর্থন করেছেন, তা ভুলে যাওয়ার মতো নয় বলেও জানান তিনি। তবে সামাজিক মাধ্যমে একটি স্বাভাবিক ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে বড় করে তোলায় তিনি দুঃখ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park