
জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউ আজ শনিবার সকাল থেকে ভেসে উঠেছে মানুষের ঢলে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আগত মানুষ একের পর এক মিছিল নিয়ে এভিনিউতে প্রবেশ করছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ প্রমুখ স্লোগান দেন।
জনসমাগমের কারণে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যার) এবং আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এভিনিউ এলাকায় টহল দিচ্ছে।
আজ জোহরের নামাজের পর শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে।
শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে মরদেহ বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। আজ সকালে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park