
কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজ শনিবার (২ মে) আকস্মিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
ওইদিন সকালে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যাদি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভর্তিকৃত রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম এ সময় জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আগত কোনো রোগী যেনো প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে কোনো অবস্থাতেই যেনো হাসপাতালে দালালচক্র ঠাঁই নিতে না পারে। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যা তুলে ধরেন এবং কার্যক্রম সম্পর্কে জাতীয় সংসদ সদস্যকে অবহিত করেন।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারিগণ এবং রোগীরাও সারাক্ষণ দুর্ঘটনার আশঙ্কায় ভয়ে ভয়ে থাকেন। এ ছাড়া, চিকিৎসা কর্মকর্তা-কর্মচারিদের আবাসন সমস্যা প্রকট। বহু আগে থেকেই তাঁদের বাসা-বাড়িগুলো পরিত্যক্ত অরস্থায় রয়েছে। ফলে তাঁদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যত্র থাকতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম'র সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোস্তফা হল রুমে চিকিৎসা কর্মকর্তা, নার্সসহ অন্যান্য কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ সমস্যা নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি, আগামী অর্থ বছরে এসব সমস্যার দ্রুত কার্যকর সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, উপজেলার প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমদ, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. কামরুল হাসান, অন্যান্য চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park