
কুমিল্লার লাকসাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক অপর এক আসামীসহ দু'জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার বাকই (দক্ষিন) ইউনিয়নের বিজরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. হারুনুর রশিদ (৪৫) এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমারডোগা গ্রামের মো. আবুল বাশার সর্দারের ছেলে মো. ওমর ফারুক।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ দু'জনকে গ্রেপ্তারের সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ তার গ্রামের বাড়ি বিজরা এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এদিকে একইদিন দুপুরে পৌরশহরের কোমারডোগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেন পুলিশ।
পুলিশ জানায়, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দুইটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। তিনি মাদক মামলা দুইটির গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
এছাড়াও গ্রেপ্তারকালে তার কাছে মাদকদ্রব্যের উপাদান পাওয়া গেছে। সে অপরাধে তাকে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নার্গিস সুলতানা অপরাধীকে এই সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park