
কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলক্রসিংয়ে একটি মালবোঝাই ট্রাক ট্রাক (নং- ঢাকা মেট্টো-ব ১৪-৮৮২১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা দুই যাত্রী, ট্রাক চালক ও হেলপারসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় কুমিল্লা অভিমূখী দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ওঠে গেলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাক চালক, হেলপার এবং ট্রাকের থাকা আরো দু'জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশেই একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়াও দুর্ঘটনার দীর্ঘ সময় পার হলেও ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের দেখা মিলেনি!
এলাকাবাসীর অভিযোগ, কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক সড়কের ওপর এই রেলক্রসিংয়ের স্থানে সড়ক ভিভাজকটি স্বল্প পরিসরে হওয়ায় ঠিকভাবে দেখা যায় না। ফলে এখানে ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। একই স্থানে বারং বার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না।
একটি সূত্র জানায়, ওই একই স্থানে গত তিন মাসে বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলন'র একজন সদস্য ও দুর্ঘটনাস্থল সংলগ্ন গ্রীণ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হাফিজ বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এখানে একটি রেলওয়ের লেভেল ক্রসিং রয়েছে। যা দুর্ঘটনা প্রবণ এলাকা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, সড়ক ভিভাজকটি যথাযথ সংস্কারসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটির দুর্ঘটনাস্থল লাকসাম পৌরসভা সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিং এলাকাটিতে সড়ক ভিভাজকটি নিরাপদ করতে এবং জরুরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।বৃহত্তর কুমিল্লার (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়শন'র যুগ্ম সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের সদস্য আনোয়ারুল আজিম বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভা কার্যালয় সংলগ্ন নোয়াখালী রেলক্রসিং এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে। এটি যেনো নিত্যদিনের চিত্র। একটি মৃত্যুফাঁদ। এই মৃত্যুফাঁদ থেকে যানবাহন কিংম্বা মানুষের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেনো কোনো দায়বদ্ধতা নেই।
তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কেনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না? আর কত দুর্ঘটনা ঘটলে কিংবা কতো মায়ের বুক খালি হলে, কতো মানুষ পঙ্গুত্ববরণ করলে কর্তৃপক্ষের টনক নড়বে?
তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসানের লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম মহোদয়ের হস্তক্ষেপে কামনা করেন।
গণমাধ্যমকর্মী আনোয়ারুল আজিম আরও বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ উপজেলা, পৌরসভা, সড়ক ও জনপদ বিভাগ কিংম্বা রেলওয়ে কর্তৃপক্ষ যাঁদের তত্ত্বাবধানেই হোক। এটি অত্যন্ত জরুরী এবং অত্যাবশ্যক। তিনি জানান এলাকার জনসাধারণ অত্যন্ত আশাবাদী খুব শীঘ্রই জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম মহোদয় এই ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ছাড়া, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তাঁর নির্বাচনী এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই গণমাধ্যমকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park