
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা গেছে, মাজার গেটের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা টহল ও চৌকস নজরদারি চালাচ্ছেন। সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়।
চব্বিশে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় আজ ঘোষণা করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি দেখতে পারবে সাধারণ মানুষ। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে জনসাধারণ তা প্রত্যক্ষ করতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। পুরো এলাকা জুড়ে রয়েছে উচ্চমাত্রার নিরাপত্তা ও নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেকোনো উসকানি বা বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা।
দীর্ঘ সময়ের তদন্ত, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে এ ঐতিহাসিক মামলার রায় ঘোষণায় বাংলাদেশের বিচারব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park