
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের নিয়েই ম্যানেজিং কমিটি গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার যে তথ্য ছড়িয়েছে তা অসম্পূর্ণ ও বিকৃত। সরকার শিক্ষার মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করছে এবং এ ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পুরনো পদ্ধতির পরিবর্তে নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কচুয়াকে দেশের শিক্ষার একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ চলছে।
সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্য খণ্ডিতভাবে না তুলে প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park