
ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশের পরিস্থিতি এবং আন্তর্জাতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, মাঝে মাঝে মনে হয়, ভারত–বাংলাদেশ যুদ্ধ লেগে যেতে পারে। সোমবার (২২ ডিসেম্বর) ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে দেব বলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন মানুষ শান্তিতে থাকতে পারে—ধর্ম যারই হোক না কেন, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান সবাই যেন নিরাপদে জীবনযাপন করতে পারে। তার ভাষায়, বর্তমানে গোটা বিশ্বজুড়ে যুদ্ধের হাওয়া বইছে। দেশকে বাঁচানোর অজুহাতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে অস্ত্র কিনতে, অথচ সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা থেকেই যাচ্ছে অবহেলিত।
টালিউড অভিনেতা আরও বলেন, খবরের শিরোনাম দেখলেই ভয় লাগে। মনে হয়, যেকোনো সময় এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শুধু ভারত–বাংলাদেশ নয়, ভারত–পাকিস্তান কিংবা ভারত–চীনের মধ্যেও সংঘাতের আশঙ্কা তার মনে দানা বাঁধে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ কখনোই কাম্য নয়। শান্তিই একমাত্র পথ। মানুষের প্রয়োজন আসলে খুব সাধারণ—দু’বেলা খাবার আর মাথার ওপর একটি নিরাপদ ছাদ। পরিবারের মানুষগুলোকে ভালো রাখা। এই মৌলিক চাহিদা পূরণের জন্য কাউকে হত্যা করা বা যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই।
আগামী দিনগুলো আরও কঠিন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন দেব। তিনি বলেন, ভবিষ্যতের কথা ভেবেই তার ভয় আরও বাড়ছে। শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেন—সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে। সিনেমা চলুক বা না চলুক, জীবন যেন নিরাপদ থাকে, মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park