
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথির নাম এই তালিকায় নেই।
এর আগে শনিবার (১১ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছিলেন ফারজানা সিঁথি। তখন তিনি জানান, নড়াইল-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করে ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঘোষিত তালিকায় তার নাম স্থান পায়নি।
বিএনপির ঘোষিত চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন এবং সুরাইয়া জেরিন।
এছাড়া আরও মনোনয়ন পেয়েছেন মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানায় ঘটে যাওয়া একটি ঘটনার সময় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। এছাড়াও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মিউজিক ভিডিও ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং ‘বেপানা দিল’ (হিন্দি সংস্করণ)-এ মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তাকে অনেকেই মডেল ও অ্যাক্টিভিস্ট—দুই পরিচয়েই চেনেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park