
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। আজ ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ১৮ মে (সোমবার) ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফাত।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আমিরুল আরাফাত বলেন, "ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা প্রদান করা এবং তাদের ডিজিটাল সেবার সাথে পরিচিত করানো।"
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার ।
ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিশেষ হেল্পলাইন চালু রেখেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে এবং প্রবাসীরা বিদেশ থেকে +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে কল করে সরাসরি ভূমিসেবা ও তথ্য সহায়তা নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে এই হেল্পলাইনগুলোর প্রচার ও ব্যবহার বিধি সাধারণ মানুষকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হবে।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park