
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে। কণ্ঠভোটে বিল দুটি অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও ভোটাভুটির মাধ্যমে বিল দুটি পাস হয়ে যায়।
পাস হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ অনুযায়ী বিদ্যমান আইনের সেই বিধান বাতিল করা হয়েছে, যেখানে বলা ছিল কোনো ব্যক্তি ৬৫ বছর বয়স পূর্ণ করলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য হবেন কিংবা পদে বহাল থাকতে পারবেন না। সংশোধিত আইনে বয়সসীমা সংক্রান্ত ওই বিধান বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অন্যদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সংশোধনী বিলে আগে থাকা বয়সসীমার বিধান বাতিল করা হয়েছে। আগের আইনে উল্লেখ ছিল, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে থাকতে পারবেন না। সংশোধিত বিলে এই বয়সসীমা সংক্রান্ত বিধানও বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এদিকে বিল দুটি পাস হওয়ার পর সংসদে উপস্থাপিত উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ এবং জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আরও সুযোগ দিতে আইনগুলো সময়োপযোগী করার প্রয়োজনীয়তা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park