
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগে ভেঙে পড়েছেন মো. রিয়াদ আহমেদ নামের এক যুবক। কবরের পাশে দাঁড়িয়ে তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ এপ্রিল)। জানা যায়, বর সেজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন রিয়াদ। পথে প্রথম স্ত্রীর কবরস্থান দেখে গাড়ি থামিয়ে দেন তিনি। এরপর নিজের একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং কিছু সময় নীরবে সেখানে অবস্থান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. রিয়াদ আহমেদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবেগ সামলাতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে গাড়িতে উঠেও তাকে কাঁদতে দেখা যায়।
ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ঘটনাটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তবতার এক মর্মস্পর্শী প্রকাশ হিসেবে মন্তব্য করছেন।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন শ্রদ্ধা ও আবেগ দেখানো সত্যিই হৃদয়বিদারক ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।
এ বিষয়ে মো. রিয়াদ আহমেদ বলেন, ২০১৭ সালের ১৮ জুলাই তাদের বিয়ে হয়েছিল। প্রায় ছয় বছরের সংসারে তার স্ত্রীই ছিলেন জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park