বিপিএল-এর ১২তম আসরের নিলামে দেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এই নিলাম পরিচালনা করেন আরমান রাফী নিজাম।
দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস দলে নেন মোহাম্মদ নাঈম শেখকে। এ ছাড়া ৭৫ লাখ টাকায় রংপুরে যোগ দিয়েছেন লিটন দাস।
বি ক্যাটাগরি থেকে তাওহীদ হৃদয়কে ৯২ লাখ এবং শরিফুল ইসলামকে ৪৪ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। ৫৬ লাখ টাকায় শামীম পাটোয়ারী গেছেন ঢাকা ক্যাপিটালসে। ৬৫ লাখ টাকায় রাজশাহীতে তানজিম সাকিবও জায়গা পেয়েছেন। নোয়াখালী বাধ্য হয়ে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে জাকের আলী ও মাহিদুল অংকনকে। একই ভিত্তিমূল্যে সিলেটে গেছেন পারভেজ ইমন।
সি ক্যাটাগরি থেকে মোহাম্মদ মিঠুন ৫২ লাখ এবং সাব্বির রহমান ২৮ লাখ টাকায় গেছেন ঢাকায়। মাহফিজুল ইসলাম রবিনকে ২২ লাখে দলে নিয়েছে চট্টগ্রাম। বি ক্যাটাগরি থেকে সাইফউদ্দিন ৬৮ লাখে ঢাকা, খালেদ আহমেদ ৪৭ লাখে সিলেট এবং ইয়াসির আলী রাব্বি ৪৪ লাখে রাজশাহী দলে যুক্ত হয়েছেন। নাহিদ রানা ৫৬ লাখে রংপুরে, রনি তালুকদার ২২ লাখে সিলেটে এবং আকবর আলী ৩৪ লাখে রাজশাহীতে যোগ দিয়েছেন।
ডি ক্যাটাগরিতে ৫০ লাখ টাকায় নোয়াখালী দলে গেছেন হাবিবুর রহমান সোহান। রাজশাহী ৪৪ লাখে আব্দুল গাফফার ও ১৮ লাখে জিসান আলমকে দলে নিয়েছে। ভিত্তিমূল্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন—ইবাদত হোসেন (সিলেট), নাঈম হাসান (রংপুর), আফিফ হোসেন (সিলেট), মাহমুদুল হাসান জয় (চট্টগ্রাম), রকিবুল হাসান জুনিয়র (রংপুর), তাইজুল ইসলাম (ঢাকা), কামরুল ইসলাম রাব্বি (রংপুর), আরাফাত সানি (চট্টগ্রাম) ও ইরফান শুক্কুর (ঢাকা)।
এ ছাড়া সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ঢাকায় তাসকিন আহমেদ ও সাইফ হাসান, রংপুরে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান, চট্টগ্রামে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম, নোয়াখালীতে সৌম্য সরকার ও হাসান মাহমুদ, সিলেটে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবং রাজশাহীতে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত স্থান পেয়েছেন।
নিলামের প্রথম ডাকে দল না পাওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন দুই অভিজ্ঞ তারকা—মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, যাদের নিয়ে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park