
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন প্রধান অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন।
সূত্র জানায়, ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। বিশেষ করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন-এর সময়সূচি, রোডম্যাপ, নির্বাচনি প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রার্থীদের অংশগ্রহণ বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে।
এছাড়া নির্বাচন-পরবর্তী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, সরকারের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করা হবে।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্র সচিব। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
ব্রিফিংয়ে সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park