জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের কথাটি সত্য নয়। তিনি বলেন, “সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে আমাদের হৃদ্যতা বজায় থাকবে; আর যারা বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় এনসিপি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে কখনো জামায়াত একমত হয়েছে, আবার কখনো অবস্থান পরিবর্তন করেছে। একই ঘটনা বিএনপির ক্ষেত্রেও ঘটেছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদের পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় পার করেছে। “আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন আবশ্যক। নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে এগোতে পারব এবং জাতীয় নাগরিক পার্টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তার কোনো নীতিমালা নেই। শাপলা ও বেগুন প্রতীক অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা দেওয়া হয়নি। এটি জনগণের প্রতিষ্ঠান; সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় নীতিমালা অনুযায়ী চলতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই। যে নীতিমালার ভিত্তিতে মার্কা অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হয়, তা আমাদের কাছে স্পষ্ট হতে হবে। এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park