
পটুয়াখালীর বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বগা এলাকায় এ ঘটনা ঘটে। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে তিনি নির্ধারিত স্থানে না গিয়ে বিকল্প স্থানে সংক্ষিপ্ত সভায় অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীর সফরকে ঘিরে বগা ও দুমকি প্রান্তে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়। বগা প্রান্তে মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠানের আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিতে নদী পার হয়ে বগা প্রান্তের মঞ্চে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা পথরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, মঞ্চের ব্যানারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকায় তারা প্রতিবাদ করেছেন। তাদের দাবি, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সফরে দলের শীর্ষ নেতৃত্বের ছবি না থাকা উদ্দেশ্যপ্রণোদিত অবহেলা হিসেবে দেখা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে স্থানীয় জামায়াত নেতাকর্মী এবং ওই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় হট্টগোল সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে নিরাপত্তার স্বার্থে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগা প্রান্তের মঞ্চে প্রবেশ না করেই দুমকি প্রান্তে নির্মিত মঞ্চে চলে যান। সেখানে তিনি একটি সংক্ষিপ্ত সভায় অংশ নেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন।
বিষয়টি সম্পর্কে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বগা ও দুমকি প্রান্তে দুটি মঞ্চ তৈরি করা হয়েছিল। তবে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকার অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে মিছিল করেন। পরিস্থিতি বুঝতে পেরে মন্ত্রী নির্ধারিত মঞ্চে না গিয়ে সেতু নির্মাণের সম্ভাব্য সময় ও প্রকল্পের বিস্তারিত বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে পরবর্তী যাত্রা শুরু করেন।
এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে সেতু নির্মাণকে ঘিরে এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও রাজনৈতিক উত্তেজনায় সফর বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park