বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশালে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শনিবার (২৮ জুন) নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং সদস্য নবায়ন ও বিতরণ কর্মসূচির সদস্য সচিব রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টু।
তিনি তার বক্তব্যে বলেন, “নতুন সদস্য সংগ্রহ করতে হবে, কারণ দেশে বহু মানুষ ভোট দেওয়ার বয়সে পৌঁছালেও এখনো ভোট দিতে পারেনি। তাদেরকে আমাদের দলের সঙ্গে যুক্ত করতে হবে। না হলে তারা অন্য দলে চলে যাবে।”
তিনি আরও বলেন, “তবে আমাদের লক্ষ্য রাখতে হবে—আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বা দাগি আসামিরা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে। সংগঠনের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু বিভেদ নয়। দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. মজিবর রহমান সরোয়ার, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park