
বরিশালে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র্যাব-৮।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া মাইনুল ইসলাম হিমু (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। তিনি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত সানজিদা কবির আনিতা (২১)-এর সঙ্গে অভিযুক্তের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় মৃত অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে পুলিশ বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলসংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাইনুল ইসলাম হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park