
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট বৃষ্টির ভাইকে ফোন করে নিশ্চিত করেছে যে উদ্ধার করা দ্বিতীয় মরদেহটি বৃষ্টির।
শুক্রবার (১ মে) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ২ মে বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে।
উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park