
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ফতুল্লা মডেল থানার একটি দল সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান।
পরে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি জাজিমের ওপর থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, মোর্শেদা আক্তার দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park