
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি জানান, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপরও জোর দেন।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, অতীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে চালু করা হয়েছিল এবং এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও আরও জোরদার করা হবে।
এছাড়া তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম আরও জোরদার করার কথা জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলমান সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধান নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park