জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। যে বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত করতে সন্ত্রাসমুক্ত করতে কাজ করবে। কিন্ত আমরা ৫ আগষ্টের পর দেখেছি ভিন্ন রূপ। আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি। অথচ পুলিশ সংস্কার কমিশন এখনো আলোর মুখ দেখে নাই। আমরা দেখেছি এপথ পুলিশকে আবারও জনগণের মুখোমুখী দাঁড় করিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার যদি বৃহৎ রাজনৈতিক দলগুলো পাঁতানো ইলেকশনে রুটি ভাগাভাগির মতো ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে নির্বাচনের দিকে যায়। তাহলে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বিগতদিনে নির্বাচনে দেখেছি ডিসি, এসপি, ওসি, এসআই অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়দের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা লক্ষ্য করছি এখন আবারও তাঁদেরকে (প্রশাসনকে) অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নামানোর চক্রান্ত চলছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন।
ওইদিন বিকেলে পৌরশহরের বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ ফজলে রাব্বীর সভাপতিত্বে এবং জাতীয় যুবশক্তি'র কেন্দ্রীয় সংগঠক নাজমুল করিম টিটুর সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি'র কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ, এনসিপি'র লাকসাম উপজেলা যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম।
বিএনপির প্রতি ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এ সংস্কারের বিপক্ষে যারা 'না' এর অবস্থান নিয়েছেন। আগামীতে তারা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে না'র অবস্থান নিবেন। আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নিবেন। ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিবেন। সময় এসেছে, তাদের চিহ্নিত করে রাখুন।
আজকে যাঁরা আপনাদের মতামতের বিরুদ্ধে অবস্থান নিবেন। আগামীতে তারা ভোট ও ভাতের অধিকার কেড়ে নিবেন। চাকুরীর অধিকার কেড়ে নিবেন। এমনকি জীবনের অধিকারও কেড়ে নিবেন। সুতরাং তাঁদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যভূষিত হচ্ছিলো। তখন এনসিপি স্বাক্ষর করেনি। কিন্তু বিএনপি-জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করার পর আবার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এ প্রসঙ্গে তাদের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিয়েই যদি না করবো তাহলে কাবিনে স্বাক্ষর কেনো করলাম! সংসার যদি না-ই করবো তাহলে কবুল কেনো বললাম! কাবিনে যখন স্বাক্ষর করেছেন, তখন সংসার করতে হবেই।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশের জনগণ যদি এনসিপিকে না চায়। তাহলে আগামী নির্বাচনে এনসিপি বিজয়ী হবে না।আমরা জনগণের সে রায় মেনে নেবো। আমরা এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণই চূড়ান্ত রায় দিবেন। তিনি এনসিপি'র পতাকা তলে এসে আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park