
ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বরফ কলও বন্ধ থাকবে। এছাড়া চাঁদপুরে নিবন্ধিত ৩৯,৪০০ জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল বিতরণ করা হবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা রক্ষায় পদ্মা-মেঘনা নদীতে দুই মাসের এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ সময়ে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়; জাটকা সংরক্ষণের সুফল টেকসই করতে জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে টহল জোরদার থাকবে। আইন অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park