
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন পদত্যাগ করেছেন। চাঁদাবাজির অভিযোগে বাতিল হওয়া কমিটিগুলো পুনর্বহালের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন জেবা তাহসিন।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ভেবেছিলাম দেশে অনিয়ম, দুর্নীতি আর থাকবে না, সেবায় স্বচ্ছতা ফিরে আসবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই দীর্ঘ তিন মাস ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এই যাত্রা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে সম্প্রতি বৈছাআর সারাদেশের কমিটি পুনর্বহাল হওয়ায় ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি এই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও লিখেছেন, “এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে। আমি আন্দোলনের সঙ্গে থাকব, হয়তো ভিন্ন ভূমিকায়।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর গত ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে সব কমিটি স্থগিত করা হয়। এরপর গতকাল (২ নভেম্বর) কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক পত্রে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘোষণার পরই ফরিদপুর জেলা মুখপাত্র জেবা তাহসিন পদত্যাগের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park