
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ বদ্ধপরিকর। রবিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে থাকে। এসব বক্তব্যের কিছু সত্য হলেও, সেগুলোর মাধ্যমে জনমনে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হয়।”
আইন উপদেষ্টা বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাতীয় নির্বাচন হয়নি। ফলে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে থাকাটা স্বাভাবিক। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, তাই এই নির্বাচন তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে এখন নতুন করে উৎসাহ সৃষ্টি হয়েছে।”
জামিন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “জামিন দেওয়া শুধুমাত্র বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ভিডিও ফুটেজ বা কণ্ঠস্বরের মতো প্রমাণ থাকে, তবে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে অবশ্যই জামিন পাওয়া উচিত। তবে যারা জামিন পেয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়াতে পারে, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তৎপর থাকতে পারে—তাদের অতিরিক্ত জামিন নিয়ে আমরা সতর্ক আছি।”
আদালত সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “একজন বিচারকের স্থানে তিনজন বিচারক নিয়োগের পরিকল্পনা চলছে, যাতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি, যার সুফল খুব দ্রুতই জনগণ পাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park