
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে বলে নির্বাচন কমিশনে (ইসি) হিসাব জমা দিয়েছে দলটি। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বুধবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে এই ব্যয়ের বিবরণী জমা দেয়।
ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, দলটি নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা আয়োজন বাবদ খরচ দেখানো হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মীদের খরচ বাবদ ব্যয় করা হয়েছে ৬৫ হাজার টাকা।
সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রার্থীদের বিভিন্নভাবে অনুদান বা সহায়তা দিয়ে থাকে। তবে জাতীয় পার্টি প্রার্থীদের অনুদান খাতে কোনো ব্যয়ের তথ্য উল্লেখ করেনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬টি আসনে প্রার্থী দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো দল যদি ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দেয়, তাহলে নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া প্রার্থীরাও নিজ নিজ আসনের ভোটারসংখ্যা অনুযায়ী আলাদাভাবে ব্যয় করতে পারেন।
এদিকে গত মঙ্গলবার জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে, যেখানে দলটি সাড়ে ৪ কোটি টাকার বেশি ব্যয় দেখিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park