
ডিসি সম্মেলন–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনই সরকারের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো কার্যকর করা হবে। তিনি আরও বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে বাস্তবসম্মত সমাধানের পথে এগোচ্ছে সরকার।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের সবসময় প্রস্তুত থাকতে হবে এবং জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। সরকার স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে সকালে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন আগামী ৬ মে শেষ হবে। এবারের সম্মেলনে মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনায় উত্থাপিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park