
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে পারে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী।
ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ এই রিটটি দায়ের করেন। রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেওয়া হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে দাবি করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন, যা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এ রিটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজকের শুনানিতে আদালত থেকে প্রাথমিক আদেশ এলে তা নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park