
“সেবার ব্রতে চাকরি” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জে মাঠ পর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শুরু হয়।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরীক্ষা চলাকালে পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়তে তিনি চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপগুলোতে যারা ভালো করবে, তারাই কেবল নিয়োগের সুযোগ পাবে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ এপ্রিল শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি)-এ অংশগ্রহণ করবেন।
সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park