
নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের বাহিমালী বাজারের কাছে জয়বাংলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনপড়ার দিক থেকে লালপুরগামী একটি ড্রাম ট্রাক জয়বাংলার মোড়ে ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং সার্জেন্ট মামুনুর গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান সংবাদটি নিশ্চিত করে বলেন, "সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমও সেখানে রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে।"
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park