
দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকারি দলের সংশ্লিষ্টতা থাকে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, অতীতের মতো বর্তমান পরিস্থিতিতেও এই চিত্রের কোনো পরিবর্তন হয়নি।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানির ক্ষেত্রে বর্তমানে এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। তার ভাষায়, “তেল আছে শুধু সংসদে।” তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয় দেশে তেলের কোনো সংকট নেই, বরং দেশ জ্বালানিতে ভাসছে। তার মতে, কিছু অসৎ ও দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে দেশ আজ সংকটের মধ্যে পড়েছে।
তিনি আরও বলেন, মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস হচ্ছে এবং কৃষি খাতকে অবহেলা করা হচ্ছে। দেশের মোট চাহিদার প্রায় ১৮ শতাংশ কৃষিনির্ভর হলেও এই খাতকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
কৃষি খাতের পাশাপাশি দেশের ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং মানবসম্পদ উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, একটি কৃষিনির্ভর দেশের জন্য কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, এরপর ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং এগুলোর ভিত্তি হিসেবে মানবসম্পদ উন্নয়নকে এগিয়ে নিতে হবে। তবে বাস্তবে তিনটি খাতই সংকটে রয়েছে বলে দাবি করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের কষ্ট বোঝা জরুরি। কৃষি খাত বিপর্যস্ত হলে দেশের সামগ্রিক অর্থনীতি কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। এমনকি বৈদেশিক ঋণ নিয়েও এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park