
দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন তিনি। সফরকালে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়াকে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দিনব্যাপী সফরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দীর্ঘদিন ধরে দেখাশোনা করে আসছেন অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার। প্রায় ৬৬ বছর ধরে তিনি এই বাড়ির তত্ত্বাবধানে রয়েছেন। জীবদ্দশায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কিশোর কিংবা তরুণ বয়সে তারেক রহমানকে কাছ থেকে দেখেছেন। এবার সেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার অপেক্ষায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি।
আব্দুস সাত্তার বলেন, একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার সৌভাগ্য তার জীবনে এক অনন্য ঘটনা। প্রধানমন্ত্রী এখানে আসবেন শুনে তার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে। দেশ যেন ভালো চলে, এটাই আমার চাওয়া।
এর আগে ২০০৬ সালে মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত পৈতৃক ভিটায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর এবার প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ফিরছেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনের খবরে গাবতলীসহ বগুড়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। অনেক স্থানীয় বাসিন্দা বলছেন, প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পারাটাই তাদের কাছে বড় প্রাপ্তি। তবে আনুষ্ঠানিক কোনো দাবি না থাকলেও স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন অবহেলিত এই এলাকাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শুরুতেই প্রায় দেড়শ বছর পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। এরপর সফরের শেষ পর্যায়ে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন তিনি।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বগুড়া প্রেসক্লাব উদ্বোধন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম, অর্থাৎ অনলাইনে জামিননামা দাখিল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তার সফরসূচিতে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park