
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম ওরফে কালাম আকনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ প্রায় ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।
র্যাব জানায়, নলুয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০০৮ সালে ঢাকার সবুজবাগ এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে মামলার বিচার চলাকালে আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করলে তিনি পলাতকই থেকে যান। রায়ের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি আবার বাকেরগঞ্জে ফিরে এসে নাম পরিবর্তন করে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন এবং আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র্যাব-৮।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park