ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ। দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও ত্যাগের মহান আদর্শ নিয়ে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের নগর ও গ্রামীণ জনপদে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
পবিত্র ঈদুল আজহার তাৎপর্য নিহিত আছে আত্মত্যাগে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.) নিজের প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ তাঁর এই নিষ্ঠা ও আনুগত্য কবুল করে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি পশু কুরবানি দেওয়ার নির্দেশ দেন। সেই স্মরণেই মুসলিম উম্মাহ পালন করে ঈদুল আজহা, যা কুরবানির ঈদ নামেও পরিচিত।
ঈদের দিন সকালে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলমানরা আল্লাহর নামে পশু কুরবানি দেন এবং তা তিন ভাগ করে আত্মীয়-স্বজন, দরিদ্র-দুঃস্থ ও নিজের পরিবারের মাঝে বণ্টন করেন। এর মধ্য দিয়ে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সাম্যের বাণী প্রতিফলিত হয়।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীসহ সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park