
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত অ্যাডহক কমিটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদন দায়ের করেন। রিট পিটিশন নম্বর ৬০৮৩/২০২৬।
রিট আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটের কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল খান।
বর্তমান ১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন এবং আতহার আলী খানও সদস্য হিসেবে রয়েছেন। নতুন কমিটি গঠনের পর থেকেই ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনা চলছিল। এবার তা গড়াল হাইকোর্টে রিট আবেদনে, যা বিসিবির প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park