
ফরিদপুরে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা এবং ড্রামে করে অকটেন বিক্রির সময় এক পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।
আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই পাম্পে ড্রামে ৩০ লিটার অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি বিক্রি বন্ধ রেখে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রাখা হয়েছিল।
এছাড়া ডিজেল-২ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ উত্তীর্ণ থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২ হাজার ২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্প বন্ধ রাখার প্রমাণ মেলে। পরে পাম্প চালু করে তেল বিক্রি শুরু করায় তাদের জরিমানা না করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park